
রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জের একটি বাসায় রাফিকা রুমা ইতি নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর পৌনে ৬টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইতির মৃত্যুকে তার স্বামী আত্মহত্যা বললেও ভাই ক্রীড়া সাংবাদিক হুমায়ুন কবির রোজ ও তার পরিবারের সন্দেহ তার বোনকে হত্যা করা হয়েছে।
স্বামী জামাল হোসেন দাবি করেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাতের তুচ্ছ একটি বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। এরপর মাঝরাতে তাকে বিছানায় না পেয়ে পরে বারান্দায় গিয়ে গ্রিলের সঙ্গে পরনের হিজাব দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ফ্লোরে হাঁটু গেড়ে বসে থাকতে দেখেন তাকে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশে জানায়, মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার গলায় অর্ধচন্দ্রাকৃতির দাগ পাওয়া গেছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।



