নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন: সুমন ৪ দিনের রিমান্ডে

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আসামী সুমনকে ৪ দিনের রিমান্ড দিয়েছে আদালত। সেই সাথে ২ মামলায় দেলোয়ারকে কারগারে পাঠিয়ে, ইউপি সদস্য সোহাগেরও জামিন নামঞ্জুর করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নোয়াখালীর আদালত এ রায় দেন। নারী ও শিশু নির্যাতন মামলার ৬ নম্বর আসামী শামছুদ্দিন সুমনকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে, বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে অপর আসামী দেলোয়ারকে আদালতে হাজির করে দুই মামলার গ্রেফতারের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ বিষয়ে শুনানী শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসফিকুল হক দেলোয়ারকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এছাড়া অন্য আসামী ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহাগ জামিন আবেদন করলে, তা নামঞ্জুর করে আদালত। এদিকে, মামলার আরো এক আসামী কালাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবনবন্দি দেয়ার কথা রয়েছে।



