ভাটারায় রাতে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ

রাজধানীর ভাটারার একটি মাদ্রাসায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
ভাটারার ছোলমাইদ পশ্চিম ঢালিবাড়ি এলাকার ‘আল মাদরাসাতুল মঈনুল ইসলামে’ মঙ্গলবার রাতে এশার নামাজের পর তাবলিগের দিল্লির নিজামুদ্দিন মারকাজের বর্তমান মুরব্বি মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী ও মাওলানা জুবায়ের আহমেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
ভাটারা থানার এসআই মো. মনিরুজ্জামান বলেন, মাদ্রাসাটিতে মঙ্গলবার রাতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ঢিল ছোড়াছুড়ি শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। বুধবার সকাল থেকে উত্তেজনা থাকলেও পরিস্থিতি শান্ত।
নেতৃত্বের দ্বন্দ্বে কয়েকবছর ধরেই বিভক্ত তাবলিগ জামাতের দুই পক্ষ এর আগেও বিভিন্ন সময় সংঘর্ষে জড়িয়েছে। দুই বছর আগে তাদের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যুও হয়। এই বিভক্তির কারণে টঙ্গীতে বিশ্ব ইজতেমায় আলাদাভাবে অংশ নেন দুই পক্ষের অনুসারীরা।



