দুবাই ভ্রমণে বিধিনিষেধে পরিবর্তন

দুবাই আগমনী কর্তৃপক্ষ সম্প্রতি তাদের বিধিনিষেধে কিছুটা পরিবর্তন আনলে প্রবাসীদেরকে সতর্ক করে দিয়েছে দূতাবাস।
শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বর্তমান সময়ে যারা বাংলাদেশ থেকে দুবাই ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন, তারা যেন তাদের ফিরতি টিকিট নিশ্চিত করে নেন।
কোনো হোটেলে থাকলে সেই হোটেলের রিজার্ভেশন অথবা আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াতে গেলে সেই আত্মীয় স্বজনের ঠিকানা যেন সাথে রাখেন।
এছাড়া এয়ারলাইন্স এর পক্ষ থেকে দেওয়া অন্য কোনো নির্দেশনা থাকলে তাও মেনে চলতে বলা হয়েছে তাদেরকে। এ বিষয়গুলোর একটি বা সবকটি অমান্য করলে দুবাই আগমনী কর্তৃপক্ষ তাদেরকে প্রবেশে বাধা দেয়া সহ পুনরায় বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিতে পারে।
কর্তৃপক্ষের সর্বশেষ নির্দেশ অনুসারে পাকিস্তান, ভারত, আফগানিস্তান, নেপাল ও বাংলাদেশের সফর ও পর্যটক ভিসাধারীদের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর ও আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর প্রবেশের জন্য অবশ্যই বৈধ ফিরতি টিকিট থাকতে হবে। কোনো যাত্রীর ফিরতি টিকিট না থাকলে তিনি যে দেশ থেকে এসেছেন, বিমানবন্দর থেকেই তাঁকে সে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে।
নতুন করে আরোপ করা শর্ত পূরণ করার পরই কেবল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপালের নাগরিকেরা দুবাইয়ে ঢুকতে পারবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোকে অবহিত করা হয়েছে।



