চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলা টিভি ডেস্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং দলীয় কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজশাহী থেকে সামরিক উড়োজাহাজে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে নগরের রহমতগঞ্জ এলাকার জে এম সেন হলের পূজামণ্ডপের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।
সফরসূচি অনুযায়ী, চট্টগ্রামে পৌঁছে জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে তারেক রহমানের। এরপর চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
এসব কর্মসূচি শেষে মঙ্গলবার রাতেই চট্টগ্রাম বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর।
এর আগে সকালে রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন তারেক রহমান। পরে রাজশাহীতে গিয়ে ধর্মসভা মন্দিরের দুর্গাপূজার মণ্ডপ ঘুরে দেখেন তিনি। এরপর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়ে দিনের কর্মসূচি শেষে চট্টগ্রামে পৌঁছান প্রধানমন্ত্রী।
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে রহমতগঞ্জ ও জে এম সেন হলের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত ৯ আগস্ট প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করেছিলেন তারেক রহমান। ওই সফরে তিনি বাঁশখালী, ফটিকছড়ি, হাটহাজারী ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।



