রিফাত হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় মঙ্গলবার

রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক আসামিদের বিরুদ্ধে রায় ঘোষণার পর এবার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় আগামীকাল মঙ্গলবার। বরগুনা শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান মামলার রায়ের দিন ধার্য করেন।
রিফাত হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে ৭৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর সকল আসামিদের পক্ষে-বিপক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবীরা। ১৪ই অক্টোবর রাষ্ট্রপক্ষের যুক্তিখন্ডন শেষে এ রায়ের দিন ধার্য করেন আদালত।
১৪ আসামির মধ্যে ৭ জন ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। নিহত রিফাতের পরিবারের প্রত্যাশা আদালত এ মামলাটিতেও দৃষ্টান্তমূলক রায় দেবেন। নিহত রিফাতের বাবা দুলাল শরীফ জানান,’এ মামলার এমন রায় হোক যেটা বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে।’ নিহত রিফাতের মা ডেইজী বেগম বলেন,’রিশান ফরাজীসহ প্রত্যেকের দৃষ্টান্ত মূলক শাস্তি চাই।’
রিফাত শরীফ হত্যা মামলার ১৪ অপ্রাপ্তবয়স্ক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ৭৪ জন সাক্ষি ও প্রমাণাদি আদালতে উপস্থাপন করা হয়েছে। বরগুনা শিশু আদালতের পিপি মোস্তাফিজুর রহমান বাবুল জানান,’আমার বিশ্বাস আমরা যে সকল সক্ষ্য প্রমাণ আদালতে প্রেরণ করেছি তাতে সাজা হবার সম্ভবনা আছে।’
এর আগে, গত৩০শে সেপ্টেম্বর মিন্নিসহ ৬ প্রাপ্তবয়স্ক আসামিকে মৃত্যুদণ্ড দেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আছাদুজ্জামান।



