
অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলায় অস্তিত্ব সংকটের পাশাপাশি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে রাজধানীর অধিকাংশ খাল। ময়লা ফেলে খালের পানি প্রবাহ বন্ধ করায় সৃষ্টি হচ্ছে জলজট। কয়েকটি খাল পরিণত হয়েছে মশার প্রজনন কেন্দ্রে।
ফলে সারা বছরই মশার যন্ত্রনায় অতিষ্ট রাজধানীবাসী। এ অবস্থা থেকে পরিত্রাণ চায় সাধারণ মানুষ। আর ওয়াসা বলছে খালের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব সিটি কর্পোরেশনের।
ময়লার এই স্তূপ দেখে বোঝার উপায় নেই এখানে এক সময় প্রবাহমান স্বচ্ছ পানির স্রোতধারা ছিলো। ছিলো মাছের বিচরণ। শুধু তাই নয়, খালগুলোর পানি এতটাই পরিস্কার ছিলো যে, স্থানীয়দের সুপেয় পানির অন্যতম উৎসও ছিলো এগুলো।
কিন্তু সময়ের ব্যবধানে খালগুলো এখন মৃতপ্রায়। স্থানীয়রা দীর্ঘদিন ধরে ময়লা ফেলায় এবং সংস্কারের অভাবে এক একটি খাল পরিণত হয়েছে এক একটি ময়লার ভাগাড়ে। কোনটি পরিণত হয়েছে মশার প্রজনন কেন্দ্রে।
এদিকে, নগর জুড়ে বর্জ্য ব্যবস্থাপনার সু-নির্দিষ্ট কার্যকর ব্যবস্থা না থাকায় খালগুলোর এই অবস্থা বলে জানান নগর পরিকল্পনাবিদেরা। দ্রুত খাল সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এই নগরীই অস্তিত্ব সংকটে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
অ্যদিকে, খালগুলোর পানি প্রবাহ নিশ্চিতে ওয়াসা কাজ করছে বলে জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক। তবে তার দাবি বর্জ্য ব্যবস্থাপনার মূল দায়িত্ব সিটি কর্পোরেশনের।
তবে সব সংস্থাগুলোর সমন্বয়ের মাধ্যমে খালগুলো সংস্কার করা হলে রাজধানী তার হারানো প্রাকৃতিক সৌন্দয কিছুটা হলেও ফিরে পাবে বলে জানান পরিবেশবিদরা।
আরমান কায়সার, বাংলা টিভি



