দুর্নীতি বন্ধে ভূমি উন্নয়ন কর অনলাইনে: ভূমিমন্ত্রী

দক্ষ, স্বচ্ছ, জবাবদিহি ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার লক্ষ্যে আগামী বছরের জুলাই থেকে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা পুরোপুরি ডিজিটাল প্রক্রিয়ায় নেয়া হবে বলে জানিয়েছেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এর মধ্য দিয়ে ভূমি ব্যব্যস্থাপনা দুর্নীতিমুক্ত হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। বুধবার সচিবালয়ে এসব কথা জানান ভূমিমন্ত্রী।
বুধবার দুপুরে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইনভিত্তিক ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সফটওয়্যার পাইলটিংয়ের প্রথম পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে প্রাথমিকভাবে ৯টি উপজেলায় এ কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে আগামী বছরের জুলাই মাসে তা পুরোপুরি অনলাইন প্রক্রিয়ায় চলে যাবে বলেও জানান তিনি। এসময় সব ধরনের অনিয়ম বন্ধে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও দুর্নীতিমুক্ত ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে বলেও জানান মন্ত্রী।
এর মধ্যদিয়ে মানুষ হয়রানি থেকে মুক্তি পাবে- জানিয়ে, স্বল্প ব্যয়ে স্বল্প সময়ে ও সহজে জনগণ ভূমিসেবা পাবে বলেও আশার কথা শোনান সাইফুজ্জামান।
হাকিম মোড়ল, বাংলা টিভি



