পদ্মা সেতুর সোয়া ৫ কি.মি. দৃশ্যমান

পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ৮ ও ৯ নম্বর পিয়ারের (খুঁটি) ওপর বসানো হয়েছে ৩৫তম স্প্যান। এর ফলে দৃশ্যমান হলো সেতুর ৫ হাজার ২৫০ মিটার। ৩৪তম স্প্যানটি বসানোর ৭ দিনের মাথায় এই স্প্যান বসানো হলো। সেতুতে আর মাত্র ৬টি স্প্যান বসানো বাকি রইল।
সেতু সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার টু-বি স্প্যানটি সেতুর ৮ ও ৯ নম্বর পিয়ারের ওপর বসানোর কথা ছিল। পিলারের কাছে পানির গভীরতা কমে নাব্যতা সংকট তৈরি হওয়ায় স্প্যানটি ওই দিন বসানো যায়নি। শুক্রবার খননকাজ শেষ করে নাব্যতা ফিরিয়ে আনা হয়।
সেতু কর্তৃপক্ষ জানায়, ৫ অথবা ৬ নভেম্বর ২ ও ৩ নম্বর খুঁটিতে ৩৬তম স্প্যান (স্প্যান ১-বি), ১১ নভেম্বর ৯ ও ১০ নম্বর খুঁটিতে ৩৭তম স্প্যান (স্প্যান ২-সি), ১৬ নভেম্বর ১ ও ২ নম্বর খুঁটিতে ৩৮তম স্প্যান (স্প্যান ১-এ), ২৩ নভেম্বর ১০ ও ১১ নম্বর খুঁটিতে ৩৯তম স্প্যান (স্প্যান ২-ডি), ২ ডিসেম্বর ১১ ও ১২ নম্বর খুঁটিতে ৪০তম স্প্যান (স্প্যান ২-ই) এবং আগামী ১০ ডিসেম্বর ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর ৪১ নম্বর স্প্যানটি (স্প্যান ২-এফ) বসানোর কথা আছে। সবগুলো স্প্যান মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ডে আছে।
পদ্মা সেতু নির্মাণে প্রয়োজন হবে ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব। এর মধ্যে গত ৩০ সেপ্টেম্বরের হিসাব অনুযায়ী, ১ হাজার ৪১টির বেশি রোড স্ল্যাব বসানো হয়েছে। এ ছাড়া ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাব বসানো হবে। এর মধ্যে এখন পর্যন্ত বসানো হয়েছে ১ হাজার ৫০০টির বেশি।



