শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। মার্কিনিরা বেছে নেবেন তাদের ৪৬তম প্রেসিডেন্টকে। উত্তর হ্যাম্পশায়ারের দুটি ছোট শহর ঐতিহ্যগতভাবে মঙ্গলবার (৩ নভেম্বর) মধ্যরাতে ভোটগ্রহণ শুরু হয়। এরই মধ্যে নিউইয়র্ক, নিউজার্সি, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনাতেও আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে।
ভোর থেকেই নির্বাচনী কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এর মধ্যেই প্রায় ১০ কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন, যা গত একশো বছরের মধ্যে আগাম ভোটের ক্ষেত্রে একটা রেকর্ড।
যারা এখনও ভোট দেন নি, আজ তাদের ভোট দেবার শেষ সুযোগ। দেশজুড়ে চালানো জরিপে দেখা যাচ্ছে যে, জো বাইডেন বেশ এগিয়ে রয়েছেন। কিন্তু যেসব রাজ্যের ভোটের ফলাফলে নির্বাচনের ফলাফল নির্ভর করতে পারে, সেসব রাজ্যে উভয়ের অবস্থান বেশ কাছাকাছি।
এদিকে নির্বাচনী রাতে ১০ হাজারের বেশি বিক্ষোভকারী ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা এবং হোয়াইট হাউজের কাছের একটি পার্কে বিক্ষোভ করবেন বলে জানা যাচ্ছে।
বাইডেন জিতে গেলে ট্রাম্প ফলাফল প্রত্যাখান করলে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



