
মালয়েশিয়া থেকে আনা ‘আইস‘ নামক বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ ৬ জনকে গ্রেফতার করেছে ডিবি। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
এসময় আরো জানানো হয়, উদ্ধারকৃত মাদক ‘আইস’ নতুন ধরণের মাদক। এটি স্নায়ু উত্তেজক ড্রাগ। এটি গ্রহণে হরমোন উত্তেজনা স্বাভাবিক সময়ের অনেক বৃদ্ধি পায়। দীর্ঘদিন এই মাদক ব্যবহারে হৃদরোগ, অঙ্গ-প্রতঙ্গ, দাঁত ক্ষয়ে যাওয়াসহ ব্রেইন স্ট্রোকের ঝুকি রয়েছে।
দেশে নতুন পরিচিত এ মাদকদ্রব্য অত্যন্ত ব্যয়বহুল। মাত্র ১০ গ্রাম আইসের দাম প্রায় লাখ টাকা। প্রতিবার দুই-তিনটি কণার সমপরিমাণ মাদক সেবন করতে খরচ হয় অন্তত প্রায় ১২ হাজার টাকা। এ কারণে এটিকে অভিজাতদের মাদক বলছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আইস বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই নতুন মাদক। যা সেবু, ক্রিস্টাল ম্যাথ, ডি ম্যাথসহ বিভিন্ন নামে পরিচিত। এটি ক্ষুদ্র দানাদার জাতীয় মাদক যা ক্রিস্টাল আকারে দেশে আনা হয়। আইসের কেমিক্যাল নাম মেথান ফিটামিন, যার উৎপত্তিস্থল অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও চীন।
নতুন এ মাদক সেবনে ইয়াবার চেয়েও ৫০-১০০ গুণ বেশি মারাত্মক উত্তেজনা সৃষ্টি করে। এটি মূলত স্নায়ু উত্তেজক মাদক, যা সেবনের ফলে স্বাভাবিক সময়ের তুলনায় হরমোনের উত্তেজনা এক হাজার গুণ বেড়ে যায়।



