
রোববার বেলা সাড়ে ১১টা থেকে শাহবাগ মোড়ে সেশনজট নিরসনসহ চার দাবিতে বিক্ষোভ করছেন, মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল থামানোর চেষ্টা করে। কিন্তু শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে শাহবাগ মোড়ে চলে আসেন এবং সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন।
করোনাভাইরাস মহামারীর মধ্যে প্রফ পরীক্ষা না নেওয়া, সেশনজট নিরসন করে যথাসময়ে কোর্স সম্পন্ন করার ব্যবস্থা, বেসরকারি মেডিকেল কলেজে ৬০ মাসের বেশি বেতন না নেওয়া ও মহামারীর সময় পরীক্ষা দিতে গিয়ে আক্রান্ত হলে দায়ভার কর্তৃপক্ষকে নেওয়ায় দাবি জানিয়ে আসছেন মেডিকেল শিক্ষার্থীরা।
আন্দোলনকারী একজন শিক্ষার্থী বলেন, তাদের দাবিগুলো যে ‘যৌক্তিক’, তা কর্তৃপক্ষও মানছে; কিন্তু সমাধান করছে না।আরেকজন শিক্ষার্থী বলেন, “দাবিগুলো মেনে নিয়ে লিখিত আকারে নোটিস না দেওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না।”
এর আগে গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন শাকিল আহমেদের সঙ্গে দেখা করে নিজেদের দাবিগুলো জানিয়ে আসেন মেডিকেল শিক্ষার্থীরা।



