লিবিয়ায় অবৈধ অভিবাসীবাহী নৌকা ডুবে ৭৪ জনের মৃত্যু

লিবিয়া উপকূলে অবৈধ অভিবাসীবাহী নৌকা ডুবে ৭৪ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) লিবিয়ার খোমস উপকূলীয় এলাকায় ১২০ জন অভিবাসী নিয়ে একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যায়। লিবিয়ার কোস্টগার্ড সেখানে উদ্ধার অভিযান চালিয়ে ৪৭ জনকে জীবিত উদ্ধার করে এবং মারা যান অন্তত ৭৪ জন।নিহতদের অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, গেল ১ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৮টি নৌকাডুবির ঘটনা ঘটলো। লিবিয়ার আইওএমর তথ্যমতে জানা যায়,বিপদজ্জনক ভূমধ্যসাগর হয়ে অবৈধ উপায়ে ইউরোপে যাওয়া ঠেকাতে উন্নত দেশগুলি ব্যর্থ। ফলে প্রতিনিয়ত জানমালের ব্যপক ক্ষয়ক্ষতি হচ্ছে। সমুদ্র পথে জীবনের ঝুঁকি নিয়ে ইউরোপে প্রবেশ বন্ধ না করা গেলে সামনে আরো প্রাণ ঝরবে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য মতে, চলতি বছরে অবৈধভাবে ইউরোপে প্রবেশের চেষ্টাকালে ভূমধ্যসাগরে ডুবে প্রায় ৯’শ মানুষ প্রাণ হারান। জীবনের স্বপ্ন পূরণ করতে গিয়ে বিপদজ্জনক পথে দালাল এবং সীমান্তরক্ষীদের হাতে অমানবিক নির্যাতনের শিকার হতে হয় তাদের। তবে বিভিন্ন সময় অভিযান চালিয়ে উদ্ধার করে ১১ হাজার অভিবাসন প্রত্যাশীকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের অন্যতম লক্ষ্য থাকে ইতালি। প্রতিবছর বহু মানুষ এ দেশটিতে অবৈধ উপায়ে প্রবেশ করে।
বাংলাটিভি/আন্তর্জাতিক



