
গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাস দেশে আরও ২৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ১৫৬। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৩২ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৯৫ হাজার ৮৪১ জন।
বুধবার (১৬ ডিসেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ৬২২ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ২৯ হাজার ৩৫১ জন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোয়ারেন্টিনে এসেছেন ৯৩৯ জন, ছাড় পেয়েছেন ৫৯৪ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে এসেছেন ৫ লাখ ৯৪ হাজার ৭৮৩ জন, ছাড় পেয়েছেন ৫ লাখ ৫৩ হাজার ৯৪৭ জন। মোট কোয়ারেন্টিনে আছেন ৪০ হাজার ৮৩৬ জন।
এদিকে, ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (১৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন সাত কোটি ৩৮ লাখ ৩ হাজার ৩২০ জন এবং মৃত্যু হয়েছে ১৬ লাখ ৪১ হাজার ৪৪০ জনের। আর সুস্থ হয়েছেন পাঁচ কোটি ১৮ লাখ ১৩ হাজার ৯৫৭ জন।
পরিসংখ্যান অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৭১ লাখ ৪৩ হাজার ৭৭৯ জন। মৃত্যু হয়েছে তিন লাখ ১১ হাজার ৬৮ জনের।



