যুক্তরাজ্যের পর চট্টগ্রামে মিলল নতুন ধরনের করোনা

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ৬টি রূপের মধ্যে বাংলাদেশে একটি মিল পেয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষক দল।
অন্তত ৪৬টি নমুনা পরীক্ষার মাধ্যমে ৩৩টি জিনোম সিকোয়েন্স চিহ্নিত করার পর এ মিল পান তারা। দেশে করোনা সংক্রমণ শুরুর প্রথম পর্যায়ে অর্থাৎ জুলাই মাস থেকে করোনার নমুনা পরীক্ষার পাশাপাশি নানা ধরণের গবেষণা করে আসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল।
এতে উঠে আসে চট্টগ্রামেই করোনা ভাইরাসটির ১২৬টি পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৫টি ছিল বড় ধরনের পরিবর্তন। আর এসব পরিবর্তনের একটি রূপ পাওয়া গেছে যা সম্প্রতি ব্রিটেনে পাওয়া নতুন উপাদান পি-সিক্স-এইট-ওয়ান-এইচ। ব্রিটেনে ৬টি উপাদানে নতুন সংক্রমণ শুরু হলেও চট্টগ্রামে পাওয়া গেছে মাত্র একটি।
তাই এ নিয়ে এখনো আতংকিত হওয়ার কিছু নেই বলে মনে করছেন গবেষণা দলের এই সদস্য। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
এদিকে,নতুন এ ভাইরাস প্রতিরোধে চট্টগ্রামে বন্দর এবং বিমানবন্দর ভিত্তিক বিশেষ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ গবেষণায় আক্রান্তদের নমুনায় যুক্তরাষ্ট্র, জার্মানি, ইটালি,সৌদি আরব এবং ভারত ও জাপানের নমুনার সাথে অনেকটা মিল পাওয়া গেছে।



