
মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৮৬২ জন। একই সময়ে আরও ৭৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ২৬ হাজার ৪৮৫ জন।
শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৭১৮ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭১ হাজার ১২৩ জন।
মারা যাওয়া ১৩ জনের মধ্যে পুরুষ ৮ জন, আর নারী চার জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন পাঁচ হাজার ৯৬৩ জন এবং নারী মারা গেলেন এক হাজার ৮৯৯ জন। শতকরা হিসাবে পুরুষ ৭৫ দশমিক ৮৫ শতাংশ এবং নারী ২৪ দশমিক ১৫ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব রয়েছেন আট জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন দুই জন। মারা যাওয়া ১৩ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১২ জন এবং বাড়িতে মারা গেছেন একজন।
বিভাগ অনুযায়ী মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ১০ জন এবং রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগে একজন করে রয়েছেন।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৩৫ লাখ ২৯ হাজার ২৫৩ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২ হাজার ৩৪৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৬৮ লাখ ৯ হাজার ৫৬৯ জন।



