
করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৯৮১ জনে। একই সময়ে আরও ৬১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৩০ হাজার ৮৯০ জন।
শুক্রবার (২২ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৪৮৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৫ হাজার ৭৪ জন।
এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার চার দশমিক ১৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ০৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৮ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫০ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত ১৫ জনের মধ্যে ১০ জন পুরুষ ও নারী পাঁচজন। এদের মধ্যে ঢাকা বিভাগে আট জন, চট্টগ্রাম বিভাগে চারজন। এছাড়া রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একজন করে তিনজন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ১৫ জন।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন রয়েছেন।
এদিকে, করোনাভাইরাসের ইতিহাসে আবারও রেকর্ড মৃত্যু দেখল বিশ্ব। গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী তাণ্ডব চালিয়েছে করোনা। শুক্রবার (২২ জানুয়ারি) আবারও প্রাণহানি ১৭ হাজার ছাড়িয়েছে। এ নিয়ে মহামারি করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২১ লাখ। আক্রান্ত হয়েছেন নয় কোটি ৮০ লাখ ৮৬ হাজার ৯৭৮ জন এবং মৃত্যু হয়েছে ২১ লাখ ৩৪১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ কোটি ৪ লাখ ৬৪ হাজার ৮৫২ জন।



