আজও ভাসানচরের পথে আরও দেড় হাজার রোহিঙ্গা

উন্নত জীবনের আশায় আজও (শনিবার) ভাসানচরের গেলেন আরও দেড় হাজার রোহিঙ্গা। তৃতীয় দফায় রোহিঙ্গাদের স্থানান্তরের দ্বিতীয় দিনে, চট্টগ্রামের পতেঙ্গায় নৌবাহিনীর রেডি রেসপন্স বার্থ থেকে রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করে জাহাজ।
এর আগে শুক্রবার ১ হাজার ৭৭৬ জনের একটি দল ভাসানচরে গিয়ে পৌঁছায়। তাদের বৃহস্পতিবার কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা হয়েছিল। প্রথম দফায় গত ৪ ডিসেম্বর ১ হাজার ৬৪২ জন এবং দ্বিতীয় দফায় গত ২৮ ডিসেম্বর ১ হাজার ৮০৫ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছিল।
সরকারের নিজস্ব অর্থায়নে ২৩১২ কোটি টাকা ব্যয়ে মোটামুটি ১৩ হাজার একর আয়তনের ওই চরে ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করে এক লাখের বেশি মানুষের বসবাসের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, ভাসানচরে যাওয়া রোহিঙ্গারা সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন রোহিঙ্গা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বিভিন্ন আশ্রয় শিবিরে থাকা আত্মীয়-স্বজনকেও সেখানে যাওয়ার আহ্বান জানান তারা।



