দেশবাংলা

ভাসানচরে পৌঁছেছে আরও ১,৪৬৩ রোহিঙ্গা

ভাসানচরে পৌঁছালেন আরও ১৪৬৩ রোহিঙ্গা। শনিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর জাহাজে করে ভাসানচরে পৌঁছান। শুক্রবার এই রোহিঙ্গাদের কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির থেকে বাসে করে চট্টগ্রামে আনা হয়।

এর আগে শুক্রবার ১ হাজার ৭৭৬ জনের একটি দল ভাসানচরে গিয়ে পৌঁছায়। তাদের বৃহস্পতিবার কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা হয়েছিল। প্রথম দফায় গত ৪ ডিসেম্বর ১ হাজার ৬৪২ জন এবং দ্বিতীয় দফায় গত ২৮ ডিসেম্বর ১ হাজার ৮০৫ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছিল।

সরকারি তথ্য অনুযায়ী, নৌবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গা স্থানান্তরের জন্য সরকারের নিজস্ব তহবিল থেকে তিন হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ১৩ হাজার একর আয়তনের ওই চরে এক লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে। ভাসানচরের পুরো আবাসন প্রকল্পটি বাস্তবায়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

এদিকে, ভাসানচরে যাওয়া রোহিঙ্গারা সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন রোহিঙ্গা। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বিভিন্ন আশ্রয় শিবিরে থাকা আত্মীয়-স্বজনকেও সেখানে যাওয়ার আহ্বান জানান তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button