
সড়কে যানজট আর ধুলাবালিতে নাকাল অবস্থা, রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় মধ্যপাড়ার বাসিন্দাদের। সরু রাস্তার দু’ধারে বাজার বসায়, দিনের বেশিরভাগ সময়ই চরম জটলা।
এছাড়া, এলাকার পানি অপসাণের একমাত্র খালটিও এখন মৃতপ্রায়। জলাবদ্ধতায় দুর্গন্ধের মধ্যে বসবাস করতে হয় স্থানীয়দেরকে। পরিস্থিতির উত্তরণে, দ্রুত পদক্ষেপ চান এলাকাবাসী।
শীত এলে এমনিতেই বাতাসে ধুলিকণার প্রভাব বেড়ে যায়। তার সাথে যুক্ত হয়েছে দফায় দফায় রাস্তা খোঁড়াখুড়ি। ধুলিময় এমন পরিবেশে রোজকার ভোগান্তির চিত্র রাজধানীর কাজলারপাড় মধ্যপাড়ায়।
ধুলাবালিতে প্রায়ই শ্বাসকষ্টসহ নানা সমস্যার পড়তে হচ্ছে বলে জানালেন, এলাকার বাসিন্দারা। কাজলারপাড়ের এই সরু রাস্তার বেহাল দশাই শুধু নয়, পথের ধার বাজার বসে জনজীবন যেন আরো সংকুচিত হয়ে পড়েছে। পায়ে হেটে চলাচলেই বেগ পেতে হয় স্থানীয়দের।
এদিকে, এলাকার পানি নিস্কাশন ব্যবস্থাও এখন নাজেহাল। একমাত্র খালটির প্রায় অস্তিত্বহীন। দ্রুত এই খাল পুনরুদ্ধারের দাবি এলাকাবাসীর। এ অবস্থায় জলাবদ্ধতা খালের দুর্গদ্ধে টেকাই দায়। সংকট সমাধানে সিটি করপোরেশন কর্তৃপক্ষের দ্রুত সুদৃষ্টি কামনা করেছে বাসিন্দারা।
আরমান কায়সার, বাংলা টিভি



