চসিক নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ রেজাউল-শাহাদাতের

চট্টগ্রামকে সাজাতে সবাইকে নিয়ে নতুন ধারার কাজ করা হবে বলে জানিয়েছেন, চসিকের নবনির্বাচিত মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
এদিকে, সিটি নির্বাচনে ইভিএমে ভোটের সংখ্যার প্রিন্টেড কপি না দেয়া, ঘণ্টায় ঘণ্টায় ভোটের হিসেব না দেয়া এবং নিজের ৪ থেকে ৫ শতাংশ ভোট কেড়ে নেয়ার অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৩টি মামলা করবেন বলেও জানিয়েছেন বিএনপির পরাজিত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রামের আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন, নবনির্বাচিত মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এ সময়, সংশ্লিষ্ট সকলের পরামর্শ নিয়ে নগরীর টেকসই উন্নয়নে কাজ করার কথা জানান তিনি।
এদিকে, দুপুরে নাসিমন ভবনস্থ বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপির পরাজিত মেয়রপ্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। এতে, কারচুপির নির্বাচন অনুষ্ঠানের দায়ে কমিশনের বিরুদ্ধে মামলারও ঘোষণা দেন তিনি।
গেলো ২৭ শে জানুয়ারি অনুষ্ঠিত এ নির্বাচনে ৩ লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত হন ডা. শাহাদত।
ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি



