বগুড়ায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু

বগুড়ায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় অসুস্থ হয়েছেন আরো ৪ জন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, শহরের তিনমাথা এলাকায় ঋষি পরিবারে একটি বিয়ের অনুষ্ঠানে অ্যালকাহোল পানের পর এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন, পুরান বগুড়ার রাজমিস্ত্রী রমজান আলী ও সুমন চন্দ্র। কাটনার পাড়ার শ্রমিক সাজু মিয়া ও বাবুর্চি মাজাহার আলী এবং ফুলবাড়ি সরকারপাড়ার আব্দুল জলিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শহরের তিনমাথা এলাকায় ঋষি পরিবারের ছেলে চঞ্চলের বিয়ের অনুষ্ঠান ছিল রোববার রাতে। সেই উপলক্ষে বিয়ে বাড়িতে আগত লোকজন পার্শ্ববর্তী এক হোমিও দোকান থেকে অ্যালকোহল কিনে পান করে। রাতে বাড়ি ফিরলে সুমন তার বাবা প্রেমনাথ ও চাচা রামনাথ এবং প্রতিবেশী রমজান অসুস্থ হয়ে পড়েন।
ভোর রাতের দিকে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। মদপানে অসুস্থ দুই ভাই প্রেমনাথ ও রামনাথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া রমজান স্থানীয় একটি ক্লিনিকে মারা যান।
অপরদিকে, শহরের কালিতলা এলাকায় রোববার রাতে অ্যালকোহল জাতীয় মদপান করেন সাজু, মোজাহার ও আব্দুল জলিল। রাতে বাড়ি ফিরলে অসুস্থ হয়ে তিনজনই মারা যান।



