
ওয়াসার পানিতে ময়লা-দুর্গন্ধে চরম ভোগান্তিতে ঢাকার জুরাইন ও মুরাদপুরসহ ৫৩নং ওয়ার্ডের বাসিন্দারা। শুধু তাই নয়, গ্যাসেরও তীব্র সংকটে দৈনন্দিন রান্নার কাজ সারতেও ঝমেলার অন্ত নেই। এলাকাবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোন সুফল মিলছে না। বছরব্যাপী চলমান এসব দুর্ভোগ থেকে দ্রুত পরিত্রাণ চান তারা।
ওয়াসার লাইনে নিয়মিত সরবরাহ থাকলেও, সে পানি খাবারের অযোগ্য। রাজধানীর জুরাইনে ৫৩ নং ওয়ার্ডে এ সংকট যেন বাসিন্দাদের নিত্যদিনের সঙ্গী। ওয়াসার পানির দুর্গন্ধ আর ময়লায় অতিষ্ঠ এলাকাবাসী, এরইমধ্যে পানি পান করে অসুস্থও হয়েছেন অনেকে।
এ অবস্থায়, স্থানীয় একটি মসজিদের উপর ভরসা করতে হয়, খাবার পানির চাহিদা পূরণে। বাধ্য হয়ে অনেককে, আলাদা পানি কিনে প্রয়োজন মেটাতে হচ্ছে। বাসিন্দাদের একটাই প্রশ্ন, এভাবে আর কতো দিন? শুধু পানি নয়, এলাকায় গ্যাসের সংকটও বেশ পুরোনো। দৈনন্দিন রান্নার কাজ সারতে হিমসিম খেতে হয়।
লাইনে গ্যাস না থাকা যেন একরকম নিয়মেই পরিণত হয়েছে। স্থানীয়রা বলছেন, দিনের বেলা গ্যাসের চাপ নেই, তাই মাঝরাতে জেগেও রান্না করতে হয়। বাসিন্দাদের এসব নিত্য দুর্ভোগ লাঘবে কর্তৃপক্ষ কাজ করছে, বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি।
বারবার অভিযোগ জানিয়েও, নাগরিক সমস্যার সমাধান না হওয়ায় হতাশ রাজধানীর এসব এলাকার মানুষ। সংশ্লিষ্টরা দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নেবেন, এমনটিই প্রত্যাশা এলাকাবাসীর।
আরমান কায়সার, বাংলা টিভি



