অধিকার প্রতিষ্ঠায় নারীদেরকে দক্ষতা অর্জনের আহবান প্রধানমন্ত্রীর

অধিকার প্রতিষ্ঠায় নারীদেরকেই দক্ষতা অর্জন করে, আগামীর জন্য এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকালে বাংলাদেশ শিশু একাডেমিত মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন। এসময় জাতীয় পর্যায়ে অবদানের জন্য ৫ জন বিশিষ্ট নারীকে শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা প্রদান করা হয়।
‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে বাংলাদেশ শিশু একাডেমিত মিলনায়তনে, আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষে এ অনুষ্ঠানে আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় শেখ হাসিনা বলেন, অধিকার আদায়ের যোগ্যতা অর্জন করতে হবে নারীদেরকেই, তাই নারী শিক্ষার বিকল্প নেই।
প্রধানমন্ত্রী আরো বলেন, জাতির পিতার দেখানো পথ অনুসরণ করেই নারী ও শিশু অধিকার সুরক্ষায় কাজ করে যাচ্ছে সরকার। নারীদের উন্নয়নের জন্য নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন সরকারপ্রধান।
এর আগে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ৫ নারীকে শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এই পুরস্কার তুলে দেন।
আসাদ রিয়েল, বাংলা টিভি



