মালদ্বীপের বিজয় দিবসে বাংলাদেশের শুভেচ্ছা জানালেন হাইকমিশনার

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপের ৩৮তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সামরিক প্রদর্শনীতে অংশ নিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।
এ সময় বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে মালদ্বীপের রাষ্ট্রপতি, সরকার ও জনগণকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানী মালের রিপাবলিক স্কয়ারে মালদ্বীপ সরকার ও মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএফ) উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু ও ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ উপস্থিত ছিলেন। সামরিক প্রদর্শনীতে দেশটির প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা, সামরিক সরঞ্জাম এবং পেশাগত প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বিজয় দিবসের এ আয়োজনে বাংলাদেশের হাইকমিশনারের অংশগ্রহণ দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সংহতির প্রতিফলন।
একই সঙ্গে বাংলাদেশ ও মালদ্বীপের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে বাংলাদেশের অঙ্গীকারও তুলে ধরে এ অংশগ্রহণ।



