বাংলাদেশজনদুর্ভোগ

টিসিবি’র তুঘলকি কান্ডে ক্ষুব্ধ ক্রেতারা

এক লিটার সয়াবিন তেল কিনতে হলে, সাথে আরো নিতে হবে ৫ কেজি পেঁয়াজ, এককেজি মসুর ডাল, এককেজি চিনি। অবাক শোনালেও, নিয়মের তোয়াক্কা না করে রাজধানীতে টিসিবি’র ভ্রাম্যমাণ ট্রাকের নিত্যপণ্য বিক্রি হচ্ছে এভাবেই। আর এমন প্যাকেজে পণ্য বিক্রি করায় ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। এ বিষয়ে জানতে চাইলে, কথা বলেনি টিসিবি কর্তৃপক্ষ।

চলতি বছরের প্রথম থেকেই অস্থির ভোজ্যতেলের বাজারদর। তেলের ক্রমবর্ধমান দাম নিয়ন্ত্রণে সার্বিক অবস্থা বিবেচনা করে বোতলজাত সয়াবিনের সর্বোচ্চ দাম লিটারপ্রতি ১৩৫ টাকা নির্ধারণ করে দেয় সরকার।

সাধারণ ক্রেতাদের সুবিধার্থে অতি প্রয়োজনীয় এই নিত্যপণ্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের-টিসিবির উদ্যোগে খোলা বাজারে বিক্রির সিদ্ধান্ত হয়। ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রির দাম ধরা হয়েছে প্রতিলিটার ৯০ টাকা।

দামটা স্বস্তির মনে হলেও, এই তেল কেনার ক্ষেত্রে টিসিবির পরিবেশকরা জুড়ে দিয়েছেন আলগা আরো বেশ ক’টি শর্ত। শুধু তেল কেনা যাবে না। তেল নিতে হলে, আরো কিনতে হবে পেঁয়াজ, চিনি, মসুর ডাল। শুধু তাই নয়, অনেক জায়গায় পচা পেঁয়াজ দেয়ারও অভিযোগ ক্রেতাদের।

ডিলাররা দাবি করছেন, টিসিবি তাদেরকে প্রতিদিন যে পরিমাণ পেঁয়াজ বিক্রির জন্য দেয়, তাতে বাধ্য হয়েই তেলসহ প্যাকেজ আকারে বিক্রি না করলে লোকসান গুনতে হবে।

এভাবে প্যাকেজেই পন্য কেনার আদৌও কোন বাধ্যবাধকতা আছে কি, নাকি ডিলাররা নিজেদের সুবিধামতো বিক্রি করছেন? সেবিষয়ে জানতে চাইলে টিসিবি কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হননি। ভোগান্তির কথা বিবেচনা করে, সঠিক ব্যবস্থাপনা নিশ্চিতের আহবান ক্রেতাসাধারণের।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button