নিম্নআয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ

শোকাবহ আগস্টে জাতির পিতা ও তাঁর পরিবারের সব শহীদ সদস্যের আত্মার মাগফিরাত কামনায় নিম্নআয়ের মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
রাজধানীর পান্থপথ মোড়ে আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ‘ঢাকা শহরের কয়েকটি নির্দিষ্ট স্থানে অপেক্ষারত শ্রমজীবীদের বসে থাকা একটি নিয়মিত চিত্র। চলমান বিধিনিষেধের কারণে অনেকেই পাচ্ছে না কাজের সন্ধান। তাই কাজের অভাবে যেন পরিবার নিয়ে অনাহারে না থাকতে হয়, সেজন্য বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে উপহার পৌঁছে দেওয়া হয় কাজ না পাওয়া শ্রমজীবীদের মাঝে।’ এ ছাড়া সারা দেশের অসচ্ছল শিক্ষার্থীদের (পরিচয় গোপন রেখে) কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, ‘এ ধরনের কর্মসূচি বিধিনিষেধের শুরু থেকেই চলছে। আমরা নিয়মিত সংকটে পড়া শিক্ষার্থীদের খাবার বিতরণ করছি এবং অসুস্থ ও অসচ্ছল মানুষদের জন্য বিভিন্নভাবে সহযোগিতা কর্মসূচি চালিয়ে যাচ্ছি।’
এর আগেও সচেতনতা বৃদ্ধি, খাদ্যসামগ্রী বিতরণ, অক্সিজেন সেবা, কৃষকের ধান কাটাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে ছাত্রলীগ।
বাংলাটিভি/নিহান



