কুমিল্লার রাজপথে পরিচিত মুখ মাইকেল শফিক শিকদার

কুমিল্লার রাজপথে পরিচিত মুখ মাইকেল শফিক শিকদার। মাইকেল জ্যাকসনের মত পোষাক ও চুল নিয়ে ঘুরে বেড়ায় শহরে। মাতিয়ে রাখে তার যাত্রীদের। তবে, সবার মন ভালো রাখে যে মানুষটি,তার কষ্টের কথা শোনার কেউ নেই,এমন আক্ষেপ জানালেন মাইকেল ও তার পরিবার।
শফিক শিকদার। পেশায় রিকশা চালক। মার্কিন সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকছনকে অনুকরণ করেন তিনি। তাই মানুষ তাকে মাইকেল শফিক বলে ডাকে। নেচে,গেয়ে ও কৌতুক শুনিয়ে আনন্দ দেয় তার যাত্রীদের। কালার ম্যাচিং করে পরেন স্যুট, বুট,টাই,জুতা,বেল্ট,ঘড়ি ও সানগ্লাস। তার ব্যাটারী চালিত অটোরিক্সায় করে ঘুরে,বেড়ান নগরীতে। সব এলাকায় পরিচিত মুখ মাইকেল।
কুমিল্লাবাসীর ফেইসবুকেও বেশ জনপ্রিয় মাইকেল। অনেকেই তার সাথে সেল্ফি নিয়ে পোষ্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। খুশি হয়ে দেন উপহার। স্বপ্ন তার ছোট পর্দায় কাজ করা। জানা যায়,১৯৯৬ সালে ঢাকা থেকে কুমিল্লায় আসেন শফিক। প্রথমে নগরীর টিক্কাচর এলাকায় ভাঙ্গারি মালামাল বেচাকেনা,পরে হোটেল ব্যবসা করেন। গত এক দশক ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। বিয়ে করেছেন কুমিল্লায়। দুই ছেলে,এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুজানগর এলাকায় ভাড়া বাসায় থাকেন।
তার স্ত্রী বলেন,সকলকে বিনোদন দেয় মাইকেল, কিন্তু তার কষ্টে কেউ এগিয়ে আসে না। তার সহকর্মী ও রিক্সার যাত্রীরা বলেন,মাইকেল কারো কাছ থেকে কখনো বেশী ভাড়া নেয় না।সকলের মাঝে যিনি আনন্দের খোড়াক যোগান তাকে ভাল রাখতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তার ভক্তরা।
বাংলাটিভি/ ডেস্ক রিপোর্ট/ এস



