বিএনপিই হতাশা আর ব্যর্থতার আগুনে পুড়ছে: কাদের

দেশে কোন অশান্তির আগুন নেই, বিএনপিই হতাশা আর ব্যর্থতার আগুনে পুড়ছে- বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, জনগণ বিএনপির অপরাজনীতি সম্পর্কে সচেতন, এজন্যই পদে পদে ব্যর্থ হচ্ছে দলটি।
তিনি বলেন, ‘বিএনপি নেতারা দেশের কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না। দেশের সর্বত্র নাকি অশান্তির আগুন দেখতে পায়। আসলে এ আগুন বিএনপি’র ক্ষমতা ফিরে পাওয়ায় আগুন। এ আগুন আন্দোলন-নির্বাচনে ব্যর্থতা থেকে সৃষ্ট পুঞ্জিভূত হতাশার আগুন।
দেশে অশান্তির আগুন জ্বলছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের চোখের ও মনের ভাষা যারা বুঝে না, যারা ভোগের এবং বিলাসিতার বাহন মনে করে তাদের বুকেই জ্বলছে অশান্তির দহন। বিএনপি ক্ষমতার লোভে চরম অশান্তিতে আছে। আছে রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় ও অস্থিরতায়।
বিএনপি নেতাদের রাজনৈতিক দলগুলোর ঐক্যের কথা প্রসঙ্গে সেতু মন্ত্রী বলেন, নির্বাচন এলে বাঘা বাঘা নেতাদের নিয়ে ঐক্য দেশবাসী দেখেছে। এ সব ঐক্য কাগজেই সীমাবদ্ধ। নেতায় নেতায় ঐক্য দিয়ে কি লাভ? আওয়ামী লীগ এ সবকে ভয় পায় না, ভয় দেখিয়ে লাভ নাই।
আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জন্মলগ্ন থেকে এ দেশে প্রতিহিংসার রাজনীতি বিএনপিই চর্চা করে আসছে। প্রতিহিংসা, ষড়যন্ত্র আর সন্ত্রাসের উপর বিএনপি’র রাজনীতি প্রতিষ্ঠিত।
বিএনপি এখন টিকে আছে ভার্চুয়াল জগতে এমন দাবী করে তিনি বলেন, আওয়ামী লীগ হিংসা নয়, আওয়ামী লীগ সহিষ্ণুতার রাজনীতিতে বিশ্বাসী।
বাংলাটিভি/শহীদ



