
করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতি একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন বসেছে আজ। বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।
বছর শেষের এই অধিবেশনে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা রয়েছে। সংসদ সচিবালয় জানিয়েছে আগামী জানুয়ারিতে বছরের প্রথম অধিবেশনের কারণে ১৫তম অধিবেশন সংক্ষিপ্ত হবে। চলতে পারে ২৫ অথবা ২৬ নভেম্বর পর্যন্ত। শোক প্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে অধিবেশন শুরু হবে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ অধিবেশনে থাকছে বিশেষ আলোচনা। আলোচনার আগে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অধিবেশনে জনগুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রশ্নোত্তর, জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ নিষ্পত্তিসহ অন্যান্য কর্মসূচি থাকছে অধিবেশনে। গত ১৬ সেপ্টেম্বর চলতি সংসদের চতুর্দশ অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করতে হয়।
একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনের জন্য ৫ সদস্যের সভাপতিমন্ডলীর মনোনয়ন দেয়া হয়েছে। আজ স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী এ মনোনয়ন দেন।
সভাপতিমন্ডলীর সদস্যরা হচ্ছেন: শামসুল হক টুকু, এবি তাজুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, কাজী ফিরোজ রশীদ ও বাসন্তী চাকমা।
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে উপস্থিত সভাপতিমন্ডলীর সদস্যদের মধ্যে তালিকার অগ্রবর্তীতা অনুযায়ী বৈঠকে সভাপতিত্ব করবেন।
বাংলাটিভি/শহীদ



