
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় এক বিদেশী নারী ইউনিয়ন পরিষদের নির্বাচনে সংরক্ষিত মহিলা মেম্বার পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ফিলিপাইনের এ নারী উপজেলার রাধাকানাই ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডে মাইক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফা নির্বাচনে জেসমিন আক্তার জুলহাস পান চার হাজার ৪৯৬ ভোট।
জীন ক্যাটামিন পেট্রিয়াকা ফিলিপাইনের বাসিন্দা। পড়াশোনা করেছেন মিন্দানাউ স্টেট ইউনির্ভাসিটিতে ফিশারিজ বিভাগে। গ্র্যাজুয়েশন ডিগ্রী নিয়ে সিঙ্গাপুরে চাকরি করতে গিয়ে পরিচয় হয় বাংলাদেশি তরুণ জুলহাস উদ্দিনের সঙ্গে। প্রেমের টানে ১০ বছর আগে চলে আসেন বাংলাদেশে। ২০১০ সালে পারিবারিকভাবে বিয়ের পর তিনি খ্রীস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রাখেন জেসমিন আক্তার জুলহাস।
জন্মসূত্রে ফিলিপাইনের নাগরিক হলেও,বৈবাহিকসূত্রে তিনি এখন বাংলাদেশের নাগরিক। গ্রামবাসির অনুরোধে তিনি ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ময়মনসিংহের ফুলবাড়ীয়ার রাধাকানাই ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর পদে বিপুল ভোটে বিজয়ী হন।
বিদেশি নারী বিজয়ী হওয়ায় তাকে দেখতে ভিড় করছেন উৎসুক মানুষ। জেসমিন আক্তার জুলহাসের বিজয়ের রহস্যের কথাও জানালেন গ্রামবাসি।জেসমিন শিক্ষিত নারী হওয়ায় অনিচ্ছা সত্ত্বেও গ্রামবাসির অনুরোধ মেম্বর পদে প্রার্থী হন বলে জানান তার স্বামী জুলহাস উদ্দিন।
প্রেমের টানে নিজ দেশ ও বাবা-মাকে ছেড়ে বাংলাদেশে এসে জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করার পাশাপাশি এলাকার গরীব দুঃখী মানুষের জন্য কিছু করতে চায় বলে জানান জেসমিন আক্তার জুলহাস।
বাংলাটিভি/শহীদ



