বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

যুক্তরাজ্য ও ফ্রান্স সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার বিকেল ৪টায় গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কটল্যান্ডের গ্লাসগো, লন্ডন ও প্যারিসে দুই সপ্তাহের সরকারি সফর শেষে গত রোববার দেশে ফেরেন। এর আগে গত ৩১ অক্টোবর দুই সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দরনগরী গ্লাসগো পৌঁছেন তিনি।
গ্লাসগোতে প্রধানমন্ত্রী কপ-২৬ জলবায়ু শীর্ষ সম্মেলনে এবং অন্যান্য অনুষ্ঠানে যোগদান করেন।
এরপর ৩ নভেম্বর প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীরা লন্ডনের উদ্দেশে গ্লাসগো ত্যাগ করেন।
৯ নভেম্বর সকালে প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীরা প্যারিসের উদ্দেশে লন্ডন ত্যাগ করেন। সেখানে প্রধানমন্ত্রী ইউনেস্কো সদর দপ্তরে ‘ইউনেস্কো-বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি’র পুরস্কার বিতরণ অনুষ্ঠান’, ইউনেস্কোর ৪১তম সাধারণ সম্মেলন, প্যারিস শান্তি ফোরাম এবং ইউনেস্কোর ৭৫তম বার্ষিকী উদ্যাপনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেন।
বাংলাটিভি/ সাকিব



