
রাজধানীর তুরাগে লোকচক্ষুর আড়ালে, অবাধে চলছে নিষিদ্ধ অনলাইন গেমস পাবজি ও ফ্রি ফায়ার। এসব অনলাইন গেমসের জন্য অসংখ্য ঘুপচি ঘরে অসাধু ব্যবসায়ীর গড়ে তুলেছেন সাইবার ক্যাফে। যাতে আসক্ত নিম্নআয়ের পরিবারের শিশুরা। খেলার টাকা যোগাড় করতে গিয়ে, অনেক সময় তারা জড়িয়ে পড়ছে চুরি ও ভিক্ষাবৃত্তিতে। এ বিষয়ে, প্রশাসনে সহযোগিতায় কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
রাজধানীর তুরাগের থানার ফুলবাড়ীয়া, রানাভোলা সিরাজমার্কেট, ধরাংগারটেক এলাকায় কম্পিউটারে ট্রেনিং সেন্টারের নাম করে গড়ে উঠেছে শতাধিক অনলাইন গেমসের দোকান। এসব দোকানের সামনের দিক দিয়ে পর্দা দিয়ে আড়াল করে, ভেতরে চলে নিষিদ্ধ অনলাইন গেমস পাপজি আর ফ্রি ফায়ার।
প্রতি ঘন্টা ২০টাকা, তাই বস্তি এলাকার উঠতি বয়সী শিশু-কিশোরদের ভীড় লেগেই আছে সেখানে।ঠিকমতো কম্পিউটারের মাউস হাতের মুঠোয় না ধরতে পারলেও, গেমস’এর আশক্তি যেনো ছাড়ছেই না এসব শিশুদের।
এসব শিশুরা কখনও পরিবারের কাছে বায়না ধরে টাকা নিয়ে এ ধরণের আসক্তিতে মেতে উঠে; ধীরে ধীরে টাকার জন্য অনেকেই নেমে পড়ে চুরি কিংবা ভিক্ষাবৃত্তিতে।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, প্রশাসনের সহযোগিতায় কিছুদিন আগেও বন্ধ করে দেয়া হয়েছিল এ সকল দোকান। আবারও কঠোর ব্যবস্থা নেয়া হবে শিশুদেরকে এসব অনলাইন গেমসের আসক্তি থেকে বাঁচাতে অচিরেই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
বাংলাটিভি/শহীদ



