
গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনেকেই মন্ত্রণালয়ে বিভিন্ন অভিযোগ করেছেন। সেগুলোর বিষয়ে মন্ত্রণালয় তদন্তের নির্দেশ দিয়েছে। এ ছাড়াও নিয়ম অনুযায়ী যে কোনও মেয়রের বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নেওয়া হলে তাকে সাময়িক বরখাস্তের বিধান রয়েছে, তাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
সচিবালয়ে নিজ কার্যালয়ে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।
মন্ত্রী জানান, রাস্তা নির্মাণের নামে জমি অধিগ্রহণ করে মালিকদের টাকা পরিশোধ না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই অভিযোগসহ অন্যান্য অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত কাউন্সিলদের মধ্য থেকে ৩ সদস্যের প্যানেল মেয়র গঠন করা হয়েছে। জ্যেষ্ঠতার ভিত্তিতে তারা ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন। আগামী ৩ দিনের মধ্যে ভারপ্রাপ্ত মেয়র দায়িত্ব নেবেন।
অপরদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্যের জেরে দল থেকে আগেই বহিষ্কৃত জাহাঙ্গীর আলমের স্থলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়েছে আতাউল্লাহ মণ্ডলকে।আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার দুপুরে বিষয়টি জানানো হয়।
বাংলাটিভি/শহীদ



