বাংলাদেশঅপরাধ

টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে কেফায়েত উল্লাহ এবং কোরবান আলী নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া পাহাড়ি এলাকায় আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাবের দাবি—নিহত দুজন চিহ্নিত রোহিঙ্গা ডাকাত এবং মাদক কারবারি ছিলেন। তাঁদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫-এর অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী বলছেন, আজ শুক্রবার ভোরের দিকে মাদক ও অস্ত্র নিয়ে একটি ডাকাতদল দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে—এমন খবর পেয়ে অভিযানে যায় র‌্যাব। ওই সময় উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যেরা গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে কেফায়েত উল্লাহ ও কোরবান আলী নামের দুজনের মরদেহ পাওয়া যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ২০ হাজার ইয়াবা, দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button