বাংলাদেশঅপরাধ

কক্সবাজারে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

কক্সবাজারের চকরিয়ায় ‘ডাকাতির প্রস্তুতিকালে’ র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্র ও গুলি।

সোমবার (৬ ডিসেম্বর) ভোরে চকরিয়া উপজেলার পূর্ব বড়-ভেওলা এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে নিহতদের নাম ও বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের উপ-পরিচালক (গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, ভোরে চকরিয়া উপজেলার পূর্ব বড়-ভেওলা এলাকায় সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে তল্লাশি করে পাওয়া যায় ৩টি দেশীয় তৈরি বন্দুক, ১০টি গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত নানা সরঞ্জাম।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button