
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কিতিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে নিজেদের অনুভূতির কথা জানান তারা।
ভোরের আলো ফোটার সাথে সাথেই রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাউদ্দিন ইসলাম ও প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকীব আহমেদ চৌধুরী মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান।পরে জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

এরপর বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামে সর্বসাধারণের। শ্রদ্ধা জানাতে আসা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেন সকল ষড়যন্ত্র ব্যর্থ করে শেখ হাসিনার নেতৃত্বে বাঙ্গালী জাতি এগিয়ে যাবে।
স্বাধীনতার এত বছর পরেও দেশে প্রকৃত স্বাধীনতা আসেনি বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের দেখানো পথে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে তরুণ প্রজন্মের প্রতিনিধিরা।
মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে এমন প্রত্যাশা সবার।
বাংলাটিভি/শহীদ



