বিজিবিকে আধুনিক ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করতে সরকার উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিকে আধুনিক ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে রাজধানীর বিজিবি সদর দপ্তরে বিজিবি দিবসের আয়োজনে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন সরকারপ্রধান।
এ সময় বাহিনীর সদস্যদের দেশপ্রেম, সততা ও শৃঙ্খলা মেনে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র সদর দপ্তরে বিজিবি দিবস-২০২১ উদযাপন অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরীর ভুমিকা পালনের পাশাপাশি মাদক, নারী পাচার এবং বিভিন্ন নির্বাচনে বিজিবি সদস্যদের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, বাহিনীর আধুনিকায়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও।
বিজিবি সদস্যদের মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান সরকারপ্রধান।
বক্তব্য শেষে বিজিবি সদর দপ্তর পিলখানায় নবনির্মিত সীমান্ত সম্মেলন কেন্দ্রের উদ্বোধন এবং বাহিনীর কুচকাওয়াজ উপভোগ করেন প্রধানমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম আনুষ্ঠানিক প্যারেড পরিদর্শন করেন।
বাংলাটিভি/ সাকিব



