বাংলাদেশঅপরাধআইন-বিচারসরকার

অভিজিৎ রায় হত্যার আসামিদের গ্রেফতার করে দ্রুত সম্ভব সাজা প্রদান করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার মূল পরিকল্পনাকারী পলাতক মেজর (বহিষ্কৃত) সৈয়দ জিয়াউল হক ও আকরাম হোসেন বাংলাদেশে নেই। তারা অন্য কোনও দেশে পালিয়ে যেতে পারে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের খুঁজছে। যত দ্রুত সম্ভব মূল আসামিদের গ্রেফতার করে সাজা প্রদান করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের সামনে ‘মুক্তিযোদ্ধার ভাস্কর্য’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হয়েছে। আনসারুল্লাহ বাংলা টিমের একটি গ্রুপ এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে। ওই সময় আমাদের দেশে জঙ্গিগোষ্ঠীর উত্থান হয়েছিল। তবে আমাদের দেশের নিরাপত্তায় যারা আছে তারা  জঙ্গিদের সকল কর্মকাণ্ড ব্যর্থ করে দিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় পাঁচজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মেজর জিয়া ও আকরামকে আমরা খুঁজছি। কিন্তু আমাদের কাছে তথ্য আছে তারা অন্য কোনো দেশে গা ঢাকা দিয়ে আছে।

এ সময় ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দীনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button