বাংলাদেশ

নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ কর্মসূচির উদ্বোধন

প্রাথমিক ও মাধ্যমিকের নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ কর্মসূচি উদ্‌বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বৃহস্পতিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করেন। গণভবন থেকে এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন বই হাতে নেওয়ার আনন্দই আলাদা। নতুন বই হাতে পাওয়া, বইয়ের ঘ্রাণ নেওয়া, নাম লেখা, মলাট দেওয়া—এসবের আনন্দই আলাদা। এখন ছোটবেলার কথা মনে পড়ে। ছোটবেলায় নতুন বই হাতে পেলে আনন্দ লাগত। সরকার বিনামূল্যে নতুন বই বিতরণ করায় অভিভাবকদের টাকা খরচ করে নতুন বই কিনতে হচ্ছে না। ছেলে-মেয়েরা তো এ দেশের নাগরিক। তাদের উপযুক্ত করে আমরা গড়ে তুলব। তারা এ দেশের নেতৃত্ব দেবে। আর, সে লক্ষ্য নিয়েই আমাদের এই উদ্যোগ। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই আমাদের তা শিখিয়েছেন।’

শেখ হাসিনা আরও বলেন, ‘দৃষ্টি প্রতিবন্ধীরা যাতে সমাজে পিছিয়ে না থাকে, সে জন্য ব্রেইল পদ্ধতিতে তৈরি বই আমরা বিতরণ করছি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ভাষায় বই প্রস্তুত করে দিচ্ছি; যাতে তারা তাদের ভাষা ভুলে না যায়। আমি মনে করি নিজেদের ভাষাটাও তাদের শেখা দরকার।’

শেখ হাসিনা বলেন, ‘অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু থাকবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে হবে। অনলাইন শিক্ষা যাতে ঘরে ঘরে পৌঁছে যায়, সে ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীরা যাতে অনলাইনে শিক্ষা কার্যক্রমে প্রবেশাধিকার পায়, তার জন্য প্রয়োজনীয় উপকরণ আমরা সরবরাহ করব।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button