বঙ্গবন্ধু সামরিক জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সেনা, নৌ ও বিমানবাহিনী সম্পর্কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই জাদুঘরের উদ্বোধন করেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর থেকে তরুণ প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য সশস্ত্র বাহিনী-সেনা, নৌ ও বিমান বাহিনীতে যোগদানে এবং দেশপ্রেমে তরুণরা উদ্বুদ্ধ হবে।
শেখ হাসিনা বলেন,“আমাদের বাংলাদেশের মানুষের রয়েছে স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সেই সাথে সাথে আমাদের সশস্ত্র বাহিনী আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার প্রতীক।”
মুক্তিযুদ্ধের ইতিহাস জানার সাথে সাথে দেশের ভবিষ্যত কী হতে যাচ্ছে- সে সম্পর্কে জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সামরিক বাহিনী সেনা, নৌ, বিমান বাহিনী কি কাজ করে, কীভাবে চলে বা অতীতে তারা কি করেছেন, সেই বিষয়গুলো সম্পর্কে মানুষকে জানানো একান্তভাবে দরকার।”
দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দীর্ঘ সময় সরকারে থাকার ফলে আজকে বাংলাদেশকে আমরা শুধু উন্নয়ন করা না, বাংলাদেশকে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করতে সক্ষম হয়েছি; যেটা ২০০৮ এর নির্বাচনের ইশতেহারে আমাদের ঘোষণা ছিল।”
বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আবু হেনা মোস্তফা কামাল বক্তৃতা দেন।
বাংলাটিভি/ রাপ্পি



