ইসি গঠন আইনের গেজেট প্রকাশ

জাতীয় সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল- ২০২২ এর গেজেট প্রকাশ করা হয়েছে। সকালে এই গেজেট প্রকাশ করা হয়।
গেজেট প্রকাশ হওয়ায় এখন আইন অনুযায়ী সার্চ কমিটি গঠন করে দিতে পারবেন রাষ্ট্রপতি। আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে ছয় সদস্যের অনুসন্ধান কমিটি হবে। আইনে বর্ণিত যোগ্যতা-অযোগ্যতা বিবেচনা করে কমিটি ১০ জনের নাম প্রস্তাব করবে। সেখান থেকেই পাঁচজনকে নিয়ে রাষ্ট্রপতি গঠন করবেন নতুন নির্বাচন কমিশন। এর আগে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল ২০২২-এ সম্মতি জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপ্রতি সংসদে পাস হওয়া কোনো বিলে সম্মতি দিলে তা আইনে পরিণত হয়। আনুষ্ঠানিকভাবে নতুন আইনটির গেজেট প্রকাশ হওয়ায় এখন আসবে সার্চ কমিটির ঘোষণা, সেটাও গেজেট আকার প্রকাশ করা হবে।
বঙ্গভবনের এত কর্মকর্তা জানান, রোববার বা সোমবারের মধ্যে সার্চ কমিটির ঘোষণা আসতে পারে। সার্চ কমিটি গঠন, গেজেট প্রকাশ, তাদের সুপারিশ জমাসহ বাকি সব কাজের জন্য হাতে থাকছে ১৫ দিন সময়।
কারা থাকবেন সার্চ কমিটিতে
রাষ্ট্রপতি ছয় সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করবেন, যার সভাপতি হবেন প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারক।
সদস্য হিসেবে থাকবেন- প্রধান বিচারপতির মনোনীত হাইকোর্ট বিভাগের একজন বিচারক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সরকারি কমিশনের চেয়ারম্যান এবং রাষ্ট্রপতি মনোনীত দুই জন বিশিষ্ট নাগরিক। এ দুই বিশিষ্ট নাগরিকের মধ্যে একজন হবেন নারী।
তিন জন সদস্যের উপস্থিতিতে কমিটির সভার কোরাম হবে। এ কমিটির কাজে সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ।
বাংলাটিভি/ সাকিব



