বাংলাদেশ

শুরু ভাষার মাস

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’— বছর ঘুরে আবার এলো ফেব্রুয়ারি। ঐতিহাসিক ভাষার মাস, গৌরবের মাস। ১৯৫২ সালে সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেকে বুকের তাজা রক্তের বিনিময়ে মাতৃভাষাকে রক্ষা করেন।

আজ মঙ্গলবার থেকে শুরু হলো রক্তে রাঙানো সেই ভাষা আন্দোলনের মাস। ফেব্রুয়ারির প্রথমদিন থেকে ধ্বনিত হবে সেই অমর সংগীতের অমিয় বাণী। পুরো মাসজুড়ে বাঙালি জাতি স্মরণ করবে ভাষা শহীদদের, জানাবে ভালোবাসা ও শ্রদ্ধা।

ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষকাল।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেরণা। সেই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং একাত্তরে নয় মাস পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button