বাংলাদেশ

পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্ন ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পার্বত্য জেলাগুলোতে বিভিন্ন সময়ে বিচ্ছিন্ন ঘটনার পেছনে অনেক ধরনের ষড়যন্ত্র কাজ করে, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পাহাড়ে সার্বিক আইন-শৃঙ্খলার জন্য শিগগিরই পুলিশ বাহিনী মোতায়েন করা হবে বলে জানান তিনি।

সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সরস্বতী পূজা পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশের বিরুদ্ধে লবিস্ট নিয়োগ করার টাকার উৎস খুঁজে বের করে ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশ করা হবে।

সরস্বতী পূজা উপলক্ষে সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে পূজা মন্ডপ পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।

সম্প্রতি বান্দরবানে সেনাসদস্যদের উপর সন্ত্রাসীদের আক্রমণকে ষড়যন্ত্রের অংশ বলে আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিন পার্বত্য জেলায় বিচ্ছিন্ন ঘটনাগুলোর পেছনে অনেক ষড়যন্ত্র কাজ করে।

পাহাড়ে আইন-শৃঙ্খলার সার্বিক উন্নতির জন্য সেনা ক্যাম্পগুলোর স্থলে পুলিশ বাহিনী মোতায়েন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এছাড়া, সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে লবিস্ট নিয়োগে কিভাবে অর্থ পাঠানো হয়েছে, কারা ষড়যন্ত্রের অংশীদার তা খুঁজে বের করে খুব শিগগিরই জনসম্মুখে আনা হবে।

বিভিন্ন সময়ে আত্মগোপনের ঘটনাকে গুম বলে চালিয়ে দেয়া হয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য গুমের সঙ্গে সংশ্লিষ্ট নয়।

বাংলাটিভি/ সাকিব

সংশ্লিষ্ট খবর

Back to top button