সারের দাম বাড়ানোর সিদ্ধান্ত এখনও হয়নি: কৃষিমন্ত্রী

দেশে পর্যাপ্ত সারের মজুদ আছে, কোনও সংকট হবে না; তাই এখনও দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
সকালে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সারের মজুদ, দাম, ভর্তুকিসহ সার্বিক বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
কৃষিমন্ত্রী বলেন, সারের দাম নিয়ে সরকার উভয় সংকটে রয়েছে। ভর্তুকি প্রায় ৪ গুণ বেড়ে যাওয়ায় উন্নয়ন কর্মকাণ্ড কিছুটা ব্যাহত হচ্ছে। সারের ভর্তুকি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
আব্দুর রাজ্জাক জানান, কোভিড পরিস্থিতির কারণে সারা বিশ্বে সারের দাম এক বছরে বেড়েছে তিন গুণ। বাংলাদেশে এর নেতিবাচক প্রভাব পড়েছে।
তিনি বলেন, এ বছর সারে যে পরিমাণ ভর্তুকি দিতে হবে তাতে আরেকটা পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। তবে, সরকার প্রণোদনা দিয়ে তা সামাল দেওয়ার চেষ্টা করবে। না হলে খাদ্য পণ্যের দাম আরও বেড়ে যেতে পারে, যা সরকারের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করবে।
বাংলাটিভি/ আসাদ রিয়েল



