
জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা, এটি কার্যকরের জন্য শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এর ফলে, এখন থেকে বাধ্যতামূলকভাবে সর্বক্ষেত্রে জয় বাংলা স্লোগান ব্যবহার করতে হবে।
দুপুরে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যুক্ত হন প্রধানমন্ত্রী। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সভায় অংশ নেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, সকল সাংবিধানিক পদ, সরকারি, বেসরকারি অফিসে কর্মরতদের বক্তব্যে জয় বাংলা স্লোগান দিতে হবে। পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি, সভা সেমিনারে, সমাবেশে জয় বাংলা স্লোগান ব্যবহার করতে হবে। আগামী দু’একদিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া আজকের বৈঠকে সংশোধিত ব্যাংক আমানত বীমা আইন-২০২২ এবং বাংলাদেশ নাসিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন-২০২১ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এদিকে, দেশে করোনা পরিস্থিতির উন্নীতি হওয়ায় মঙ্গলবার থেকে বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বাংলাটিভি/শহীদ



