তীব্রজটে থমকে ঢাকার চাকা, দিনভর দুর্ভোগ

দীর্ঘদিন বাদে শিক্ষাপ্রতিষ্ঠান পুরোদমে খোলায়, রাজধানীর ঢাকার চাকা যেন ফিরেছে পুরোনো চেহারায়। মূলত সকালের দিকটায় একই সময়ে মাত্রাতিরিক্ত বাড়তি গাড়ির চাপের কারণে, ভয়াবহ যানজটে পড়ছে নগরীর প্রায় সব সড়ক, যার প্রভাব থাকছে গোটা দিনভর। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়, কচ্ছপ গতিতে গাড়ি আগাচ্ছে পথের সামান্য অংশই।
নাছোড়বান্দা যানজটের কবলে নিরুপায় যাত্রায় নাকাল অবস্থা নগরবাসীর। এদিকে, যানবাহনে চাপ সামাল দিতে হিমসিম অবস্থা ট্রাফিক পুলিশেরও। রাজধানীর প্রতিটি সড়ক জুড়ে একই চিত্র। থমকে থাকা গাড়ি, দীর্ঘ অপেক্ষায় চাকা ছাড়লেও আগায় মাত্র সামান্য কিছু পথ। গন্তব্যে যেতে আগের চেয়ে সময় লাগছে কয়েকগুণ।সকাল থেকে যানবাহনের প্রচণ্ড চাপ রয়েছে নগরীর সড়কগুলোতে। মূলত শিক্ষার্থীদের ক্লাসে নিয়ে যেতে একই সময় পড়ে অতিরিক্ত গাড়ির চাপ। এছাড়া রয়েছে কর্মমূখী মানুষের নিত্য যাত্রা। দুইয়ে মিলে সকাল থেকে বেলা গড়াতেই তীব্র যানজটে পড়ে প্রায় প্রতিটি সড়ক, যার প্রভাব থাকে দুপুর পর্যন্ত।
এছাড়া দিনভর ছিলো কড়া রোদ। একদিকে সড়কে আটক থাকা, তার উপর প্রচন্ড গরমে দুর্বিষহ অবস্থায় পড়েন নগরবাসী। যার যার গন্তব্যে পৌঁছাতে চরম দুর্ভোগ পোহাতে হয়। অতিরিক্ত গাড়ির চাপ সামলানোর ধকল পোহাতে হয় সড়কে কর্তব্যরত ট্রাফিক পুলিশেরও। এদিকে, তীব্র যানজটে নিরুপায় হয়ে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই গন্তব্যে ছোঁটেন বহু মানুষ।



