জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার আশ্বাস সৌদির

যুদ্ধের জেরে বিশ্ববাজারে অস্থিরতা বাড়লেও, বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার আশ্বাস দিয়েছেন ঢাকায় সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। সকালে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সংলাপ শেষে, যৌথ সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। আলোচনায়, হজযাত্রায় ভিসা সহজীকরণের আহবান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারকরণে বুধবার রাজধানীর একটি হোটেলে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উচ্চ পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়।পরে পারষ্পারিক সহযোগিতায় দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন তারা। পরে যৌথ সংবাদ সম্মেলন করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ।
এসময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্ব বাজারে অস্থিরতা বাড়লেও বাংলাদেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে কাজ করবে তার দেশ। বাংলাদেশ থেকে হজযাত্রায় ভিসায় সহজীকরণের কথা জানান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।খাদ্য নিরাপত্তা, ইকোনোমিক জোনে বিনিয়োগেও আগ্রহ দেখিয়েছে সৌদি আরব। এছাড়া প্রবাসীদের সার্বিক সহায়তায় পাশে থাকার আশ্বাস দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। পরে দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।



