কোটি পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

সারাদেশে আজ থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকিমূল্যের নিত্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে। এরই মধ্যে পণ্য পৌঁছে গেছে জেলা ও উপজেলা পর্যায়ে। আসন্ন রমজানে বাজার নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করাই এই কার্যক্রমের উদ্দেশ্য।
মোট ১ কোটি পরিবারে দুই দফায় এসব পণ্য পাবে। উপকারভোগীর তালিকা করা হয়েছে স্থানীয় জনসংখ্যার দারিদ্র্যের সূচকের ভিত্তিতে। তালিকাভুক্তদের ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে। স্থানীয় ডিলারের কাছ থেকে ভর্তুকিমূল্যে পণ্য নিতে হলে দেখাতে হবে এই কার্ড।
এদিকে গত শুক্রবার রাজধানীর কারওয়ানবাজারে টিসিবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, প্রকৃত প্রাপকরা যেন টিসিবির এসব পণ্য পান, সে জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের নিম্নআয়ের মানুষের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির ট্রাকসেল অব্যাহত থাকবে। রমজান সংযমের মাস। সবাইকে সংযম প্রদর্শন করতে হবে। সবাই যদি একসঙ্গে প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করেন, তা হলে কোনো সমস্যা হবে না। দেশে প্রয়োজনের অতিরিক্ত নিত্যপণ্য মজুদ রয়েছে, সংকটের আশঙ্কা নেই। এসব পণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, দেশের মানুষ এর সুফল পেতে শুরু করেছেন। আগামীতে বছরব্যাপী ট্রাকসেলের মাধ্যমে টিসিবির পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।



