অন্যান্যঅপরাধবাংলাদেশ

জাহিদুল হত্যার আলামত ও তথ্য পাওয়া গেছে: র‍্যাব

রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ওরফে টিপু হত্যার ঘটনায় বেশ কিছু আলামত ও তথ্য পেয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

শুক্রবার র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‍্যাবের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, দ্রুত সময়ে হত্যাকারীকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, বৃহষ্পতিবার (২৪ মার্চ) রাতে রাজধানীর শাহজাহানপুরের আমতলা এলাকায় বাসায় ফেরার সময় দুর্বৃত্তের গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু। সিগনালে থাকা অবস্থায় হঠাৎই গাড়ির কাছে গিয়ে একাধিক গুলি ছোড়ে হেলমেট পরিহিত এক ব্যক্তি।

এসময় সড়কে যানজটে আটকা পড়ে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরিন ওরফে প্রীতি (২২) গুলিবিদ্ধ হয়ে মারা যান। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন জাহিদুলকে বহন করা মাইক্রোবাসের চালকও।

মতিঝিল জোনের ডিসি আব্দুল আহাদ জানান, হত্যার ঘটনায় টিপুর স্ত্রী কমিশনার ডলি বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেছে, আমরা তদন্ত করে দেখছি। প্রীতির পরিবার থানায় আসেনি। ডলির মামলাতেই প্রীতির বিষয়টি অন্তর্ভুক্ত আছে।

পুলিশ জানায়, জাহিদুল ইসলাম যুবলীগ নেতা রিয়াজুল হক মিল্কী হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। এ মামলায় গ্রেপ্তার হয়ে অনেক দিন কারাগারে ছিলেন তিনি। পরে জামিনে মুক্ত হন।

নিহত জাহিদুল ইসলাম টিপু মতিঝিল আইডিয়াল স্কুলের গভর্নিং বডির সদস্য ছিলেন। আর নিহত জাহিদুলের স্ত্রী ফারহানা ইসলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর।

বাংলাটিভি/জাবেদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button